মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে উচ্ছেদ অভিযান বন্ধ করার জন্য ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
সংগঠনটির সামরিক শাখা সুস্পষ্ট করে বলেছে, শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ অভিযান বন্ধ না করলে তেলআবিবকে চরম মূল্য দিতে হবে।
হামাসের সামরিক শাখা ইজেদ্দিন আল-কাসসামের চিফ অব স্টাফ ও সুপ্রিম কমান্ডার মুহাম্মাদ দেইফ এক বিশেষ বিবৃতিতে অত্যন্ত কঠোর ভাষায় ইসরায়েলকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেছিলেন, এটা হচ্ছে আমাদের চূড়ান্ত হুঁশিয়ারি। যদি শেখ জাররাহ শরণার্থী শিবিরে আমাদের লোকজনের বিরুদ্ধে শিগগিরি উচ্ছেদ অভিযান বন্ধ না হয় তাহলে আমরা চুপচাপ বসে থাকব না। আর ইসরাইলকেও চরম মূল্য দিতে হবে।
তিনি আরও বলেন, অধিকৃত জেরুজালেম শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরের দৃঢ়চেতা লোকজনকে আমি স্যালুট জানাই। সেখানে কী হচ্ছে তা হামাসের নেতৃত্ব ও আল-কাসসাম ব্রিগেড অত্যন্ত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
ইসরায়েলি আদালতের সহযোগিতা নিয়ে দেশটির সরকার শেখ জাররাহ শরণার্থী শিবিরের ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদ ও তাদের ঘর-বাড়ি ধ্বংস করছে। সেখানে নতুন একটি ইহুদি বসতি স্থাপন করার পরিকল্পনা নিয়ে এ কাজ করছে তেলআবিব।
মঙ্গলবার (৪ মে) ইসরায়েলের সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিনিদের সেখান থেকে জোর করে বের করে দেয়ার চেষ্টা করে। এর একদিন পরই হামাসের সামরিক শাখার প্রধান বিবৃতিটি দিলেন।